টিকিটের কথা বলে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা নিয়ে পালাল যুবক

বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে আসা জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়েছে। এ ঘটনায় নাটোর সদর থানায় বিষয়টি জানিয়েছেন ওই পর্যটক।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের অপেক্ষাকক্ষ থেকে তাঁর এসব সামগ্রী চুরি হয় বলে তিনি অভিযোগ করেছেন।
কিরিল ল্যান্ডার জানান, তিনি বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার আসেন। সান্তাহার থেকে বাংলাবান্ধাগামী ট্রেনে নাটোরে পৌঁছান। পরে নাটোর থেকে আরেকটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এ জন্য তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের অপেক্ষাকক্ষে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সি এক যুবক তার কাছে এসে টিকিট করে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে ওই যুবকের প্রতি বিশ্বাস স্থাপন করেন কিরিল। পরে সুযোগ বুঝে যুবকটি তার ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। কিরিল জানান, পরে ওই যুবককে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর তিনি নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, কিরিলকে সঙ্গে নিয়ে রেলস্টেশনের ঘটনাস্থল পরিদর্শন করা হবে। তার চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হবে।
source: Asia Post







