News

জাজিরায় যুবলীগ ছেড়ে বিএনপিতে ইউপি চেয়ারম্যান জালাল জমাদ্দার

শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের রাজনীতি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

জানা গেছে, জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন জালাল জমাদ্দার। অনুষ্ঠানে সংসদ সদস্য উপস্থিত হলে ফুল দিয়ে তাকে স্বাগত জানানোর পাশাপাশি বিএনপিতে যোগদানের ঘোষণা দেন তিনি।

পরে সংসদ সদস্যের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাঈদ আহমেদ আসলাম বলেন, জালাল জমাদ্দারের মতো একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিএনপিতে যোগ দেওয়ায় আমরা তাকে স্বাগত জানাই। জনগণের পাশে থেকে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

জানা গেছে, জালাল জমাদ্দার আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সেনেরচর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জালাল জমাদ্দারের বিএনপিতে যোগদান প্রসঙ্গে স্থানীয় নেতাকর্মীরা জানান, একজন নির্বাচিত জনপ্রতিনিধির দলে যোগদান স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

বিএনপিতে যোগদানের বিষয়ে জালাল জমাদ্দার বলেন, আমি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছি। যেভাবে আমরা সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামকে ভোট দিয়েছি, আগামী পাঁচ বছর তার পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের জন্য কাজ করব।

source: Asia Post

Back to top button