কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্তে দুই জেনারেলসহ নিহত ১৪

কঙ্গোতে সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্তে দুই জেনারেলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে শহরের একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামরিক বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইট থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। উড্ডয়নরত অবস্থায় কারিগরি ত্রুটি দেখা দিলে চালক কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে শহরে বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে কেঙ্গেতে উপযুক্ত কোনো ল্যান্ডিং স্ট্রিপ বা রানওয়ে না থাকায় বিমানটি সরাসরি একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানে থাকা সকল আরোহীই প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় ১২ জনের মরদেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিমানের ধ্বংসাবশেষের বাইরে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে সেনাবাহিনীর দুই জেনারেলের পাশাপাশি সরকারি প্রতিনিধিদলের সদস্য, সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক ছিলেন। কঙ্গো কর্তৃপক্ষ ইতোমধ্যে মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
source: Rajneete







