News

ইয়েমেনে হুতি-সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল

ইয়েমেনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে নতুন করে শুরু হওয়া তীব্র সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া লড়াইয়ে উভয় পক্ষের যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।

সামরিক ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের তাইজ ও দক্ষিণাঞ্চলের হোদেইদা এলাকায় সংঘর্ষ সবচেয়ে বেশি তীব্র আকার ধারণ করেছে।

লোহিত সাগরের উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে হুতিরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে।

ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত সংঘর্ষে সরকারি বাহিনীর ৮৪ সেনা নিহত হয়েছেন। তাদের দাবি, নিহত সেনাদের বেশিরভাগই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন।

আরো পড়ুন

অন্যদিকে, হুতিদের সামরিক সূত্র জানিয়েছে, একই সময়ে তাদের ৫৭ জন যোদ্ধা নিহত হয়েছেন।

এদিকে, সংঘর্ষের কারণে বেসামরিক মানুষের দুর্ভোগও মারাত্মকভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি এলাকায় ব্যাপক গোলাবর্ষণ ও সংঘর্ষের কারণে প্রায় ১ হাজার ৭৯০টি পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ক্রমবর্ধমান সহিংসতায় ওই অঞ্চলে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

source: Asia Post

Back to top button