News

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

চলমান উত্তেজনার মধ্যে ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি বলে উল্লেখ করা হলেও বিষয়টি অঞ্চলজুড়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

এদিকে ফার্স নিউজের এই প্রতিবেদনের কিছু সময় আগেই, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী লারাক দ্বীপে অবস্থিত ইরানের দুটি ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দাবি করেছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

সংবাদ সংস্থা তাসনিম বলেছে, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, প্রায় এক ঘণ্টা আগে হরমোজগান প্রদেশের লার্ক দ্বীপের একটি স্থানকে লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কিছু প্রাথমিক বেসরকারি প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।’

কৌশলগত প্রণালি হরমুজের প্রবেশদ্বারে অবস্থিত লারাক দ্বীপে এই হামলা ও বিস্ফোরণের ঘটনা চলমান মার্কিন-ইরান যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে যে, রোববার লারাক দ্বীপে মার্কিন হামলায় বেশ কয়েকজন ইরানি যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

আইআরজিসি এই হামলার উপযুক্ত জবাব দেওয়া এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে আইআরজিসি হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

source: Asia Post

Back to top button