মাগুরায় দ্বিগুণ দামে বিক্রির অভিযোগে ৮০ বস্তা সার জব্দ

মাগুরায় সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে ডিএপি সার বিক্রির অভিযোগে ৮০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আলমখালী বাজারের মেসার্স আলিম এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মেহেরুনন্নাহারের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, আলমখালী বাজারের মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিম চট্টগ্রামের আফজাল এন্টারপ্রাইজ থেকে প্রতি বস্তা ডিএপি সার দুই হাজার ১০০ টাকা দরে কিনে আনেন। সরকারি নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা। সে হিসাবে ৮০ বস্তা সার দুই হাজার ১০০ টাকা দরে কিনতে মোট ব্যয় হয়েছে এক লাখ ৬৮ হাজার টাকা।
কৃষি কর্মকর্তা নুর এ নবী জানান, বেশি দামে সার কিনে এনে তা আরও বেশি দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ বস্তা সার জব্দ করেন। জব্দ করা সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মেহেরুনন্নাহার জানান, সার সংকটের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে সার বিক্রির অভিযোগ পাওয়ার পর ৮০ বস্তা সার জব্দ করা হয়েছে। কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থায় নজরদারি বাড়ানো হবে।
source: Asia Post






