News

বৃহস্পতিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

দুই দেশের সম্পর্ক বোঝার জন্য বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এই সফরে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গোর। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হতে পারে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম সফর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরসহ নানা বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তির সঙ্গে ঢাকার কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার প্রেক্ষাপটে সার্জিও গোরের এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, এ সফরে মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এড়াতে বার্তা আসতে পারে। বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকেও ব্যবসা সম্প্রসারণে নীতিমালা সংশোধনের বিষয়ে বার্তা দেওয়া হতে পারে।

source: Asia Post

Back to top button