কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাস সময় দিলেন চিফ হুইপ

বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, চাঁদাবাজি, দখলবাজি ও অনলাইন জুয়া নির্মূলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।
বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় রোববার (১৮ অক্টোবর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সময়সীমা বেঁধে দেন।
সভায় বেতাগী থানার ওসি হারুনুর রশিদকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, বেতাগী থানায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অনলাইন জুয়া থাকবে—এটা আমি চাই না। হয় চাঁদাবাজি, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং থাকবে, নয়তো ওসি থাকবে।
জবাবে ওসি হারুনুর রশিদ বলেন, স্যার, আমি থাকব। কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অনলাইন জুয়া—এসব থাকবে না।
চিফ হুইপ আরও বলেন, আমি শক্ত মানুষ। আমার নাম ভাঙিয়ে কিংবা দলের নাম ব্যবহার করে কোনো চাঁদাবাজি বা দখলবাজি চলবে না। কেউ জোরজবরদস্তি করে মানুষের সম্পদ দখল করবে, আর এখানে তুমি-আমি থাকব—তা হবে না।’
সভায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
source: Asia Post







