News

বরগুনার ১২০ বছরের ঐতিহ্যবাহী কাউনিয়া বিদ্যালয় জাতীয়করণের দাবি

বরগুনা জেলার বেতাগী উপজেলায় শিক্ষা বিস্তারের অন্যতম প্রাচীন আলোকবর্তিকা ‘কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়’। ১৯০৬ সালের ১ জানুয়ারি আবি আব্দুল্লাহ খাঁন কর্তৃক প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠটি সম্প্রতি ১২০ বছরে পদার্পণ করেছে।

বেতাগী উপজেলা গঠন এবং ১৯৪৪ সালে স্থানীয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পাওয়ার বহু পূর্ব থেকেই প্রতিষ্ঠানটি এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। তবে গৌরবময় অতীত থাকলেও এই প্রাচীন বিদ্যাপীঠটি সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

​প্রায় ৪৪৮ শতাংশ সুবিশাল জমির ওপর প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে রয়েছে ১০০ শতাংশ আয়তনের একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ। শতবর্ষী এ প্রতিষ্ঠানটির বোর্ড স্বীকৃতি আসে ১৯৪৬ সালে। দীর্ঘ ইতিহাসজুড়ে বিদ্যাপীঠটি তৈরি করেছে অসংখ্য মেধাবী বিসিএস ক্যাডার, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন।

স্থানীয়ভাবে মানসম্পন্ন সরকারি প্রতিষ্ঠান না থাকায় এ অঞ্চলে শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি প্রধান ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রায় ৬০০ শিক্ষার্থী অধ্যয়নরত এ প্রতিষ্ঠানে সাম্প্রতিক পাবলিক পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৩৪ শতাংশ।

​বিদ্যালয়টির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ‘আমাদের বিদ্যালয়টি দীর্ঘ ১২০ বছর ধরে এ অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। সরকারের নীতিমালায় ঐতিহ্যবাহী ও শতবর্ষী প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের বিধান থাকলেও পর্যাপ্ত জমি, মাঠ ও গৌরবময় অতীত থাকা সত্ত্বেও এ প্রাচীন বিদ্যাপীঠটি এখনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত, যা অত্যন্ত দুঃখজনক।’

​স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব গাজী শাহীন জানান, পূর্বপুরুষরা এ বিদ্যালয়ের উন্নতির জন্য কাজ করে গেছেন। তাই আগামী প্রজন্মের সুবিধার্থে বিদ্যালয়টিকে সরকারি তালিকাভূক্ত করার দাবি জানান তিনি।

​প্রকৌশলী ও কবি আদিল সাদ বলেন, ‘উপজেলা গঠনের আগেই এটি ছিল এ অঞ্চলের শিক্ষার কেন্দ্রবিন্দু। অথচ আজ পর্যন্ত কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের কোনো সংবাদ না পাওয়া অত্যন্ত হতাশার। বিএনপি সরকার যেহেতু শিক্ষাবন্ধব, তাই স্কুলটি জাতীয়করণ করবে বলে আমাদের বিশ্বাস।’

​স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিক সমাজের মতে, দক্ষিণাঞ্চলের শিক্ষার ঐতিহ্য রক্ষা এবং শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়টিকে অবিলম্বে জাতীয়করণ করা এখন সময়ের দাবি। এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের লেখাপড়ার মান বৃদ্ধিসহ সংশ্লিষ্টদের শিক্ষার প্রতি উৎসাহ বাড়বে।

source: Asia Post

Back to top button