News

বয়সভেদে ভর্তি ফি ১ থেকে ৫ লাখ, রংপুরে নবীন আইনজীবীদের বিক্ষোভ

রংপুর আইনজীবী সমিতিতে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত ভর্তি ফি আদায় এবং ভোটাধিকার বঞ্চিত করতে মুচলেকা নেওয়ার প্রতিবাদে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নবীন আইনজীবীরা। কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা সমিতির সাধারণ সম্পাদককে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত নগরীর আদালত পাড়ায় আইনজীবী সমিতিতে অবস্থান নিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া আইনজীবীরা জানান, বার কাউন্সিলের ২৬তম ব্যাচে উত্তীর্ণ ১০৮ জন নতুন আইনজীবী রংপুর সমিতিতে ভর্তির আবেদন করেন। এর মধ্যে ৪৫ জনকে সাধারণ সদস্য হিসেবে নেওয়া হলেও বাকি ৬৩ জনকে ‘সহযোগী সদস্য’ হিসেবে ভর্তির সিদ্ধান্ত দেয় সমিতি। এ ক্ষেত্রে আগে ভর্তি ফি ৫০ হাজার টাকা থাকলেও এখন তা বয়সভেদে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৩৫ বছরের বেশি বয়সি নতুন আইনজীবীদের কাছ থেকে ভবিষ্যতে কখনো ভোটাধিকারের দাবি না করার শর্তে নোটারি করা স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হচ্ছে, যা দেশের অন্য কোনো আইনজীবী সমিতিতে নেই।

আন্দোলনকারী আইনজীবী আসমিন ফারহা আঁখি বলেন, আইনজীবীরা যেখানে আইনের চর্চা করেন, সেখানে আইনজীবী সমিতি নিজেই যদি ভোটাধিকার হরণের মুচলেকা নেয়, বিষয়টি খুবই দুঃখজনক। সমিতিতে নতুন আইনজীবী অন্তর্ভুক্ত করার এই সকল কালাকানুন বাতিল করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

আরো পড়ুন

আরিফুর রহমান নামে আইনজীবী বলেন, বিষ্যতে কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না এ ধরনের মুচলেকা নেওয়া হচ্ছে, যা বাংলাদেশের কোনো আইনজীবী সমিতিতে নেই। অবিলম্বে মুচলেকা নেওয়া বন্ধ, কালাকানুন বাতিল এবং ভর্তি ফি কমানো না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

অন্য এক নবীন আইনজীবী বিকাশ চন্দ্র রায় বলেন, মঙ্গলবার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমাদের অতিরিক্ত ভর্তি ফি এবং মুচলেকা ছাড়া ভর্তি হওয়ার আশ্বাস দিয়েছেন। কোনো কারণে এটি বাস্তবায়ন করা না হলে আমরা আমরণ অনশনে যাব।

এ বিষয়ে রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আফতাব হোসেন বলেন, সমিতিতে বর্তমানে কার্যকর নিয়মগুলো ২০০৩ সালে প্রণীত। সে অনুযায়ীই পরিচালনা করা হচ্ছিল। নবীন আইনজীবীদের আপত্তির প্রেক্ষিতে তাদের অতিরিক্ত ভর্তি ফি ছাড়া নিবন্ধনের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া মুচলেকা ও অন্যান্য দাবির বিষয়ে শুধু আমাকে নয়, সমিতিকেও অবহিত করার কথা বলেছি।

source: Asia Post

Back to top button