জাহাঙ্গীর কবিরের ‘কিটো ডায়েট’ ফর্মুলায় রোগী মৃত্যুর অভিযোগ, তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর

ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শের প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান হেলথ রেভুলেশন লিমিটেডের বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢামেকের এন্ডোক্রাইনলজি বিভাগের করা এ অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটি গঠনের পর শনিবার (৫ সেপ্টেম্বর) তা সামনে আসে।
স্যার সলিমুল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মনির-উজ জামানকে আহ্বায়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্ডোক্রাইনলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হালিম খান, ঢামেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অ্যান্ডোক্রাইনলোজি বিভাগের সহযোগী হুরজাহান বানু ও বারডেম হাসপাতালের অ্যান্ডোক্রাইনলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিমুন্নেছা শিউলী।
আগামী ১০ কর্মদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পরিচালক নূরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে। অনেকে এ ধরনের আবেদন করেছেন। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ কারণে খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
source: Asia Post






