স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগের তথ্য জানালেন স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসক-নার্সসহ আগামী ৩ মাসের মধ্যে স্বাস্থ্য খাতে ৪২ হাজার ৩৯০ জনবল নিয়োগ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে নবনির্মিত ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন এবং চিকিৎসক, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, ‘সাড়ে ৭ হাজার নার্স, আড়াই হাজার চিকিৎসকসহ স্বাস্থ্য খাতে মোট ৪২ হাজার ৩৯০ জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ শতাংশ নারী বিশেষ করে মিডওয়াইফ ও কেয়ারগিভিংয়ে-সংশ্লিষ্ট জনবল নিয়োগ দেওয়া হবে।’
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। এখন পর্যন্ত ২৫টি হাসপাতাল পরিদর্শন করেছি। সবখানেই ডাক্তারদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নানা সংকটের মধ্যেও ডাক্তাররা সেবা চালিয়ে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারা দেশের সম্পদ। ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষা আইন, আনসার ক্যাম্প, পুলিশ ক্যাম্প বৃদ্ধি করতে যাচ্ছে সরকার।’
এর আগে শুক্রবার সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ও চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন তিনি।
source: Asia Post







