News

সরকারি কর্মকর্তাদের পেনশনের প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের হিসাবে পেনশন ও ভাতাদি-সংক্রান্ত বকেয়া বিলের বিভিন্ন প্রক্রিয়ায় প্রায় ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অডিট অধিদপ্তরের কর্মকর্তা ইশরাত জাহানের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ইশরাত জাহান প্রতিরক্ষা অর্থ বিভাগের (ডিফেন্স ফাইন্যান্স) উপসহকারী ফাইন্যান্স কন্ট্রোলার (ডিএএফসি) হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে বুধবার (২ সেপ্টেম্বর) কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বকেয়া পেনশন ও সরকারি পেনশন ব্যবস্থাপনার অনলাইন প্ল্যাটফর্ম আইবাস++ এর মাধ্যমে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা পরিশোধ ও আত্মসাতের অভিযোগ ওঠে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটি তদন্ত করে জানতে পারে, ইশরাত জাহান তার নিজস্ব আইবাস++ ইউজার আইডি ব্যবহার করে পেনশন ও ভাতাদি সংক্রান্ত বকেয়া বিলের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে ২৬ জন পেনশনারের ৩৪৬টি বকেয়া পেনশন বিল বাবদ মোট ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধ করেছেন।

ছবি: কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (বাংলাদেশ)-এর ওয়েবসাইট থেকে নেওয়া প্রজ্ঞাপন।
ছবি: কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (বাংলাদেশ)-এর ওয়েবসাইট থেকে নেওয়া প্রজ্ঞাপন।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে ওই অর্থ বিধিবহির্ভূতভাবে পরিশোধের জন্য ইশরাত জাহানকে সম্পূর্ণভাবে দায়ী করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা (সাবসিস্ট্যান্স গ্র্যান্ট) পাবেন।

তবে এটি প্রাথমিক তদন্তের ভিত্তিতে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা। অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে বলে জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইশরাত জাহান আগে চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের (পেনশন ও ফান্ড) কার্যালয়ে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের আর্মি জেসিও অ্যান্ড ও আর কার্যালয়ে একই পদে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, সিএজি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ ফর্মস ও প্রকাশনা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি পরবর্তী গেজেটে প্রকাশের জন্যও অনুরোধ করা হয়েছে।

source: Asia Post

Back to top button