সিসিইউতে বিদ্যুৎমন্ত্রী, বিবৃতি দিল হাসপাতাল কর্তৃপক্ষ

জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। তবে চিকিৎসকদের পরামর্শে তাকে আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সি বিদ্যুৎমন্ত্রী নিজেই হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসার পর তার সুচিকিৎসার জন্য তাৎক্ষণিক ৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। রক্তের বিভিন্ন পরীক্ষা ও বুকের এক্সরে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। পরে বুধবার সকাল ৯টার দিকে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
চিকিৎসকরা জানান, বিদ্যুৎমন্ত্রী আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। এ ছাড়া কিছুদিন আগে ব্যাংককে তার হৃদ্যন্ত্রের রক্তণালিতে একটি স্টেন্ট (রিং) বসানো হয়েছে। তার পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করা প্রয়োজন।
source: Asia Post







