News

সোলার সিস্টেমে চলবে সংসদ ভবন: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ ভবনকে সোলার সিস্টেমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি সরকারের এসব পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে ইতোমধ্যে এই খাতের পণ্যে আয়কর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সোলার বিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করতে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে আগামী তিন বছর প্রতি ইউনিট ১০.৫০ টাকা দরে বিদ্যুৎ ক্রয় করা হবে। এ ছাড়া সরকারি বিভিন্ন ভবনেও ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বাস্তবায়ন করা হচ্ছে।

ব্যবসায়ীদের সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার লিথিয়াম ব্যাটারির জন্য নির্দিষ্ট মান নির্ধারণ (স্ট্যান্ডার্ড ফিক্স) করে দেবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণের সুযোগ তৈরি করবে। যারা শিল্প কারখানায় সোলার প্যানেল বসাবেন, তাদের জন্য কাঁচামাল আমদানির ওপর ট্যাক্স মওকুফ করা হয়েছে।

অন্যদিকে অভ্যন্তরীণ বিদ্যুৎ চাহিদা মেটাতে পরিবেশবান্ধব ও টেকসই উপায়ে দেশীয় কয়লা উত্তোলনের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, স্থানীয় জনগোষ্ঠীর ক্ষতিপূরণ, পুনর্বাসন ও পরিবেশ রক্ষা নিশ্চিত করেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্থায়ী সমাধানে সরকারের ১০ বছর মেয়াদি একটি মাস্টারপ্ল্যান চলমান রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুতই সংশ্লিষ্ট মন্ত্রী বিস্তারিত পরিকল্পনা সংসদে উত্থাপন করবেন।

source: Asia Post

Back to top button