News

রেজিস্টার্ড হকার ছাড়া ঢাকায় ব্যবসা নয়: ডিএসসিসি প্রশাসক

রেজিস্টার্ড হকার ছাড়া ঢাকা শহরে কোনো হকারকে ব্যবসা করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চাঁনখারপুল মোড় থেকে বকশীবাজার পর্যন্ত ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, আমরা যাদের রেজিস্ট্রেশন দেব, যাদের নম্বর ও ভ্যান নম্বর দেব—শুধু সেই রেজিস্টার্ড হকাররাই ঢাকা শহরে ব্যবসা করতে পারবেন। রেজিস্ট্রেশন ছাড়া কোনো হকারকে ব্যবসা করতে দেওয়া হবে না।

নিউ মার্কেটের সামনের সড়কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নিউ মার্কেটের সামনের প্রধান সড়ক পুরোপুরি হকারমুক্ত করা হবে। সেখানে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। তবে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বিডিআরের (বিজিবি) দিকে যাওয়ার রাস্তায় বসার সুযোগ দেওয়া হবে।

তিনি আরও জানান, হকারসংক্রান্ত নীতিমালা অনুযায়ী পরবর্তী সব কার্যক্রম পরিচালিত হবে। নগর ভবনের সামনে থেকে ইতোমধ্যেই হকারদের সরিয়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সেখানে কাউকেই বসতে দেওয়া হবে না। এই নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা হিসেবে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ ছাড়া গুলিস্তান এলাকায় হকারদের পুনর্বাসনে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রশাসক বলেন, পুনর্বাসনের পর ওই এলাকায় পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

source: Asia Post

Back to top button