News

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৭ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।

জানা গেছে, ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ ও বিভিন্ন সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে প্রত্যাবাসিত নাগরিকদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও আইওএম-এর কর্মকর্তারা। অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভুক্তভোগীদের নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

আইওএম-এর পক্ষ থেকে ফেরত আসা প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের সহায়তা দেওয়া হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক অন্যান্য বাংলাদেশিদেরও নিরাপদে ফিরিয়ে আনতে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

source: Asia Post

Back to top button