News

চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলার দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন সাহারপাড় গ্রামের বাসিন্দা মাহি এবং ফিরোজ আহমেদ তাওহীদ। তারা দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং শৈশব থেকেই গ্রামে একসঙ্গে বেড়ে উঠেছিলেন।

স্থানীয় ও পরিবহন সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকা অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুর মুখে ঢলে পড়েন দুই বন্ধু। শৈশব থেকে একসঙ্গে বড় হওয়া দুই তরুণের শেষযাত্রাও হলো এভাবে একই সঙ্গে।

একই দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর তাদের নিজ গ্রাম সাহারপাড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন ও স্থানীয় বাসিন্দাদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

ঘটনায় শোক প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু স্বজন ও পরিচিতজনরা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাদের এই অকাল প্রয়াণে পুরো সাহারপাড় গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ আরোহী মারা যাওয়ার বিষয়টি মৌখিকভাবে জেনেছেন। তবে ঘটনার স্থান চট্টগ্রাম হওয়ায় এবং পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য না দেওয়ায় বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

source: Asia Post

Back to top button