২৮ মাস ধরে কলেজে না গিয়েও সরকারি বেতন তোলেন শিক্ষক

দীর্ঘ ২৮ মাস ধরে কর্মস্থলে উপস্থিত না থেকেও মাস শেষে নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। নিজের পরিবর্তে মাসিক মাত্র ছয় হাজার টাকা পারিশ্রমিকে এক যুবককে দিয়ে ক্লাস পরিচালনা এবং হাজিরা খাতায় স্বাক্ষর দেখিয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চলন মহাবিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সহকারী অধ্যাপক মো. আমিরুজ্জামান আশিষের বিরুদ্ধে এ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সহকারী অধ্যাপক আশিষ কলেজে অনিয়মিত হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি নিজে ক্লাস না নিয়ে লালমাই উপজেলার আজবপুর গ্রামের সুজন নামের এক যুবককে দিয়ে পাঠদান করাচ্ছেন এবং এর বিনিময়ে তাকে মাসে ছয় হাজার টাকা দিচ্ছেন। কলেজ প্রশাসন ও পরিচালনা পর্ষদের দায়িত্বশীলদের জ্ঞাতসারেই দীর্ঘদিন ধরে এ অনিয়ম চলছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
গত ১১ নভেম্বর দুপুর ১২টার দিকে নাঙ্গলকোটের যুক্তিখোলা বাজারসংলগ্ন চলন মহাবিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষ এবং দোতলার গ্রন্থাগার তালাবদ্ধ। নতুন ভবনের নিচতলার একটি কমনরুমে অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনকে কয়েকজন শিক্ষার্থীকে পড়াতে দেখা যায়।
অফিস কক্ষের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, ওই সময় পুরো কলেজে শিক্ষার্থীর উপস্থিতি ছিল মাত্র পাঁচজন, যেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ পাঁচজন শিক্ষক ও দুজন কর্মচারী উপস্থিত ছিলেন। কলেজের সার্বিক চিত্র ভিডিও ধারণ করতে গেলে সহকারী অধ্যাপক রুহুল আমিন বাধা দেন এবং প্রতিবেদকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে হট্টগোল শুনে নিজ কক্ষে আসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদ উল্লা ভূঁইয়া।
খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায়, সেদিনও সহকারী অধ্যাপক আমিরুজ্জামান আশিষ অনুপস্থিত ছিলেন এবং তার পরিবর্তে সুজন নামের ওই যুবক ক্লাস নিয়ে চলে গেছেন।
১৯৮৭ সালে শিক্ষানুরাগী এ বি এম আহসান উল্লাহ মজুমদার তৎকালীন চৌদ্দগ্রাম, লাকসাম ও নাঙ্গলকোট এই তিন উপজেলার নামের আদ্যক্ষর নিয়ে চলন মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৯ জন শিক্ষক ও চারজন কর্মচারী কর্মরত আছেন। কাগজে-কলমে একাদশ শ্রেণিতে ৪০ জন ও দ্বাদশ শ্রেণিতে ৫৬ জনসহ মোট ৯৬ জন শিক্ষার্থী থাকলেও স্থানীয়দের দাবি, প্রতিদিন গড়ে মাত্র চার থেকে পাঁচজন শিক্ষার্থী কলেজে আসে।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থী উপস্থিতি কম থাকার সুযোগ নিয়ে বেশ কয়েকজন শিক্ষক সকালে কলেজে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেই ব্যক্তিগত কাজ বা প্রাইভেট পড়াতে চলে যান। নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ায় সর্বশেষ এইচএসসি পরীক্ষায় কলেজটির পাসের হার মাত্র ১৭ শতাংশে নেমে এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সহকারী অধ্যাপক আশিষ সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন এবং সেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে আগেও অনিয়মিত থাকতেন। ৫ আগস্টের পর থেকে তিনি কলেজে আসা প্রায় বন্ধ করে দিয়েছেন। এ ছাড়া নোয়াখালী সীমান্তবর্তী কান্দাল গ্রামের এক ব্যক্তিকে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি করায় দূরত্বের কারণে তিনিও নিয়মিত তদারকি করতে পারছেন না।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সহকারী অধ্যাপক মো. আমিরুজ্জামান আশিষের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কল রিসিভ হয়নি। এমনকি এসএমএস দিলেও তিনি কোনো উত্তর দেননি। অন্যদিকে, তার পরিবর্তে ক্লাস নেওয়া সুজন প্রথমে ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় পাওয়ার পর কল কেটে দেন এবং পরে আর ফোন রিসিভ করেননি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদ উল্লা ভূঁইয়া এশিয়া পোস্টকে জানান, আইসিটি বিষয়ে শিক্ষার্থীরা বেশি অকৃতকার্য হওয়ায় একজন খণ্ডকালীন শিক্ষক রাখা হয়েছে, তবে আশিষও ক্লাস নেন। ওই দিন আশিষের অনুপস্থিতির বিষয়ে তিনি ছুটির কথা বললেও কোনো আবেদনপত্র বা দাপ্তরিক নথি দেখাতে পারেননি।
শিক্ষার্থী উপস্থিতি কম থাকার প্রসঙ্গে তিনি বলেন, গ্রামীণ এলাকা হওয়ায় শিক্ষার্থীরা আসতে চায় না। অভিভাবকদের ফোন করলে তারা জানান সন্তান ঘুমাচ্ছে বা রাজমিস্ত্রির কাজে গেছে।
কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক মো. আজিম উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, আশিষ আইসিটি বিষয়ে কিছুটা দুর্বল হওয়ায় একজন অভিজ্ঞ খণ্ডকালীন শিক্ষক রাখতে বলা হয়েছিল, তবে তাকেও নিয়মিত কলেজে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্ল্যাহ এশিয়া পোস্টকে জানান, তিনি কর্মস্থলে নতুন যোগ দেওয়ায় বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না, তবে খোঁজ নিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ এশিয়া পোস্টকে জানান, সাংবাদিকদের মাধ্যমে তিনি অনিয়মের বিষয়টি জেনেছেন। সরেজমিনে তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
source: Asia Post








