News

মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় সেটি উলটে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

মরিশাসের সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েনে’র প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।

ল্য ডেফি মিডিয়ার খবরে বলা হয়, ওই দিন প্রতিষ্ঠানের কর্মীরা কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি বাক্স সরানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বাক্সটি তাদের ওপর পড়ে যায়। এতে তিন শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রাথমিক তথ্যের বরাতে ল্য মরিসিয়েনের খবরে বলা হয়েছে, শ্রমিকরা কনটেইনার থেকে ৪১টি কাচের পাতযুক্ত একটি বাক্স বের করছিলেন। প্রতিটি পাতের আকার ছিল ৬ ফুট বাই ৮ ফুট। কাজের একপর্যায়ে ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে। কাচের পাতসহ বাক্সটির নিচে চাপা পড়ে তিনজনেরই মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন। তারা তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। কীভাবে ভারী কাচের বাক্সটি উল্টে শ্রমিকদের ওপর পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দেশটির শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তদন্ত চালানোর কথা রয়েছে।

পুলিশের ভাষ্য, তদন্তে কর্মস্থলে নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, ভারী পণ্য ওঠানো-নামানোর জন্য যথাযথ সরঞ্জাম ও পদ্ধতি ব্যবহার করা হয়েছিল কি না, তা যাচাই করা হবে। এ কাজে নিয়োজিত শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তদারকি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

অবহেলা বা নিরাপত্তাবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে দায়ীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পাঠানো এবং পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

source: Rajneete

Back to top button