News

শ্রমিক আন্দোলন এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে রূপ নিয়েছে: অতিরিক্ত পুলিশ কমিশনার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল আলম চৌহান বলেছেন, বর্তমান আন্দোলন আর সাধারণ শ্রমিকদের কোনো আন্দোলন নয়, এটি মূলত একটি সন্ত্রাসী কর্মকাণ্ডে রূপ নিয়েছে।

তিনি বলেন, জনজীবন বিপর্যস্ত করা এবং একটি ভীতিপ্রদ পরিস্থিতি তৈরি করাই এদের মূল উদ্দেশ্য। আগের মতো ফ্যাসিস্ট শক্তিগুলো আবারও পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দিচ্ছেন এবং শ্রমিকরাও কারখানায় নিয়মিত কাজ করছেন। জনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ রাখতে সড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে প্রতিটি কারখানার গেটে গেটে পুলিশ পাহারা দেওয়া সম্ভব নয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, গত কয়েক দিনে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। এটি কোনো গণতান্ত্রিক বা স্বাভাবিক আন্দোলনের অংশ হতে পারে না।

জনশৃঙ্খলা রক্ষা করা, আইনগত ব্যবস্থা নেওয়া এবং যেকোনো বেআইনি কার্যকলাপ প্রতিহত করা পুলিশের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব বলেও জানান তিনি।

source: Asia Post

Back to top button