নাগরিকদের তিন দিনের খাবার-পানি মজুত রাখতে বলল যুক্তরাজ্য, কারণ কী

জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত ৭২ ঘণ্টার খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক সাইবার নিরাপত্তা সংকট, তীব্র তাপপ্রবাহ, খরা ও দাবানলের মতো পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে শুক্রবার (২৩ অক্টোবর) এ নির্দেশনা দেওয়া হয়।
সরকারের ‘বি রেডি’ বা ‘প্রস্তুত থাকুন’ কর্মসূচির আওতায় নাগরিকদের বোতলজাত পানি এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন খাবার ঘরে রাখার আহ্বান জানানো হয়েছে। জরুরি অবস্থায় সরবরাহব্যবস্থা ব্যাহত হলে যেন মানুষ প্রাথমিক প্রয়োজন মেটাতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ।
সম্প্রতি পিএইচপি প্রোগ্রামের একটি নিরাপত্তা ত্রুটি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে বিভিন্ন সরকার ও প্রতিষ্ঠান নিজেদের ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় পদক্ষেপ নেয়। ওই দুর্বলতার সুযোগে কিছু অনলাইন সেবা ব্যাহত হয় এবং ব্যাপক হ্যাকিংয়ের চেষ্টা শুরু হয়। ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাইবার নিরাপত্তা সংকট হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দাবানল মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, অতীতে জরুরি পরিস্থিতিতে যুক্তরাজ্যকে অনেক সময় ঘটনার পর পদক্ষেপ নিতে হয়েছে। ভবিষ্যতে ক্ষয়ক্ষতি কমাতে আগেভাগেই প্রস্তুতি ও পরিকল্পনা জোরদার করতে হবে। একই সঙ্গে দাবানল মোকাবিলায় সামরিক উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনাসহ নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে সরকার।
প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির ফলে প্রচলিত নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা শনাক্ত করা সহজ হচ্ছে। এর ফলে ভবিষ্যতে সাইবার হামলার ঝুঁকি আরও বাড়তে পারে। পাশাপাশি শত্রুভাবাপন্ন রাষ্ট্র, সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবও দেশের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
স্ট্রিটিংয়ের ভাষ্য অনুযায়ী, তার জীবদ্দশায় যুক্তরাজ্য বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে।
এর আগে গত বছর ইউরোপীয় কমিশনও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টার জরুরি প্রয়োজন মেটানোর মতো সরঞ্জাম প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছিল। ওই তালিকায় খাবার, পানি, নগদ অর্থ ও পাওয়ার ব্যাংকের মতো প্রয়োজনীয় সামগ্রী রাখার কথা বলা হয়।
সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলো ইঙ্গিত দিচ্ছে, সাইবার হামলা থেকে শুরু করে চরম আবহাওয়া ও অন্যান্য সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতিকে আরও গুরুত্ব দিতে চাইছে যুক্তরাজ্য।
source: Asia Post







