সৌদিতে বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন, কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর ইউনিয়নের অনুকূল চন্দ্র দাসের ছেলে সজল চন্দ্র দাস ও নোয়াখালী সদর উপজেলার দিনমনিরহাটের সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আবদুর রহিম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এতে বলা হয়, বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টায় দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এক হামলায় ২ বাংলাদেশি আহত হয়েছেন। তারা বর্তমানে দাম্মামে সৌদি–জার্মান হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হাসপাতালে তাদের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, আহত দুই বাংলাদেশি গরম ও ধোঁয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। বর্তমানে তারা সুস্থ আছেন এবং দূতাবাস প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) তারা হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।
এর আগে বুধবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সাম্প্রতিক সময় রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিমানবন্দরগুলোয় একের পর এক হামলা চালানো হচ্ছে। ধারাবাহিক এসব হামলার সর্বশেষ নজির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। এর এক দিন পর ১১ অক্টোবর সৌদি আরবের বিমানবন্দরে আরেকটি হামলা করা হয়।
সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত হন।
ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখা নিয়ে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। লড়াইয়ে হুতিদের বিপক্ষে রয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন বহুজাতিক জোট।
source: Asia Post






