News

বাবার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, পাশে দাঁড়াল রাসিক প্রশাসন

কারাবন্দি বাবা বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানাতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিল তার দুই মেয়ে। এ ঘটনার পর কারাবন্দি নেতার পরিবারের পাশে দাঁড়াতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসককে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এরপর পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়েছেন রাসিক প্রশাসক।

বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাদের দুই মেয়ে জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি।

এ সময় তাদের আর্থিক সহায়তা দেন মাহফুজুর রহমান রিটন। এছাড়া কারাবন্দি নেতার আইনি বিষয়েও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী আমি পরিবারটির পাশে দাঁড়িয়েছি। পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। কারাগারে ওই নেতার আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং আইনি বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।

মাহাবুর রশিদ রেন্টুর মেয়ে জারিন তাসনিম রাহি বলেন, প্রধানমন্ত্রী তাকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে দেখা করতে বলেছেন এবং সহযোগিতার দায়িত্ব দিয়েছেন। রাসিক প্রশাসক আমার বাবার মুক্তি না হওয়া পর্যন্তকারাগারে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, ইতিমধ্যে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন এবং আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

source: Asia Post

Back to top button