মেম্বার পদে প্রার্থী হওয়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৩

মেহেরপুরের মুজিবনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তদন্ত কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. এরশাদ (৪০), ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম হোসেন (২৮) ও মাহাতাব উদ্দিন ওরফে পচা (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে মাসুদ অরুণ ও আমিরুলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র হাসুয়া ও লাঠিসোঁটা নিয়ে হামলায় মাহাতাব উদ্দিন, আসলাম হোসেন ও এরশাদ আহত হন।
স্থানীয় লোকজন ও স্বজনেরা মাহাতাব উদ্দিন ও আসলাম হোসেনকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আসলাম হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাহাতাব উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। অন্যদিকে, এরশাদকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে মুজিবনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে আরও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
মুজিবনগর থানার ওসি তদন্ত সেলিম জাহাঙ্গীর বলেন, পূর্বশত্রুতার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
source: Asia Post







