ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশ ঘোষণা, দলে জাকের-শামীম

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে সেই ম্যাচের জন্য ১৪ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে। দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার জাকের আলী অনিক ও শামীম হোসেন। তাদের সঙ্গে রয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।
বুধবার (২১ অক্টোবর) দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২২ ও ২৩ অক্টোবর বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বিসিবি একাদশ।
শুরুতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে ম্যাচের দৈর্ঘ্য এক দিন কমানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২২ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচটি। পরদিন বিশ্রামে থাকবেন ক্যারিবীয় ক্রিকেটাররা।
বিসিবি একাদশে জাকের ও শামীমের পাশাপাশি রয়েছেন মাহফিজুল ইসলাম রবিন, জিশান আলম ও এস এম মেহেরব। সুযোগ পেয়েছেন কালাম সিদ্দিকী আলীন, ইফতেখার আহমেদ ইফতি, আইচ মোল্লা ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও। দলে আরও আছেন আব্দুল হালিম, অনিক দেব বর্মণ ও ফাহাদ হোসেন। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকেও রাখা হয়েছে স্কোয়াডে।
দলে জায়গা পাওয়া তরুণদের মধ্যে নজর কেড়েছেন পেসার অনিক দেব বর্মণ। ত্রিপুরা জনগোষ্ঠীর এই ক্রিকেটারের চলতি মাসেই সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে। এবার ওয়েস্ট ইন্ডিজের মতো আন্তর্জাতিক দলের বিপক্ষে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।
চলমান জাতীয় ক্রিকেট লিগে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিনও। ময়মনসিংহ বিভাগের হয়ে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা পেয়েছেন পেসার আব্দুল হালিম।
দুই টেস্টের সিরিজ খেলতে গত ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতি ম্যাচ শেষে ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
বিসিবি একাদশ: মাহফিজুল ইসলাম রবিন, জিশান আলম, কালাম সিদ্দিকী আলীন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এস এম মেহেরব, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্মণ, ফাহাদ হোসেন, হোসেন (অনূর্ধ্ব-১৯) ও সান (অনূর্ধ্ব-১৯)।
source: Asia Post







