অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন রামেকের ইন্টার্ন চিকিৎসকেরা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাসামগ্রীর সংকট, নিরাপত্তাহীনতা ও বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ তুলে বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি এ কর্মসূচি ঘোষণা করেছে।
সংগঠনটির এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসরঞ্জামের তীব্র সংকট রয়েছে। একই সঙ্গে অতিরিক্ত দর্শনার্থীর প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
‘একাধিক ইন্টার্ন চিকিৎসককে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। রোগীর স্বজনদের হুমকির মুখে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেড়েছে। ফলে অতিরিক্ত চাপের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইন্টার্ন ডক্টরস সোসাইটির দাবি, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা ও চিকিৎসাসেবার পরিবেশ নিশ্চিত করতে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, একজন রোগীর সঙ্গে দুজনের বেশি দর্শনার্থীর প্রবেশ বন্ধ করা, ভর্তি ওয়ার্ডগুলোতে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অবিলম্বে ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।
দাবিগুলোর সমাধান না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
source: Asia Post







