News

নিয়মবহির্ভূত প্লট বরাদ্দ: গোলাম দস্তগীরসহ ৭ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরসহ সাতজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, অবৈধ বরাদ্দ বাতিল এবং অভিযুক্তদের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আইনজীবী জাকির হোসেনের মাধ্যমে দুদকে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ দলটির নেতাকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনরা।

অভিযোগে গাজী গোলাম দস্তগীর, তার সাবেক এপিএস এমদাদুল হক দাদুল, আনছার আলী, সালাউদ্দিন চেয়ারম্যান, ফেরদৌসী আলম নীলা, ইমন হাসান খোকন ও আরমান মোল্লার নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্র জমা দেওয়ার পর অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, ‘বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া কাগজপত্র তৈরি ও জালিয়াতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে আদিবাসীদের জন্য বরাদ্দ করা প্লট আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে প্রকৃত ও যোগ্য লোকোরা বঞ্চিত হয়েছেন।’

তিনি বলেন, ‘একজনের নামে ১০-২০টি বা তারও বেশি প্লট বরাদ্দ নেওয়া হয়েছে, যা রাজউকের নিয়মের পরিপন্থি। জালিয়াতির মাধ্যমে আদিবাসীদের ৫ শতাধিক প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। তার দাবি, এসব প্লটের বিপরীতে ক্ষতিগ্রস্তদের বরাদ্দ বা অধিগ্রহণের পাওনা অর্থ দেওয়া হয়নি।’

জাকির হোসেন আরও বলেন, ‘সংসদ সদস্যের নির্দেশনা ও পরামর্শে আইনজীবীরা দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। এতে অভিযোগের সুষ্ঠু তদন্ত, অনিয়মের মাধ্যমে দেওয়া প্লটের বরাদ্দ বাতিল, অভিযুক্তদের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ এবং তাদের দেশত্যাগ ঠেকাতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে রূপগঞ্জের নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। একই সঙ্গে মুস্তাফিজুর রহমান দিপুর স্বপ্নের রূপগঞ্জ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে এ পদক্ষেপ ভূমিকা রাখবে।

আবেদনকারীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

source: Asia Post

Back to top button