যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বেশি থাকলে স্থায়ী নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি নাগরিককে অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটি ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসের দেওয়া জরুরি এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। দূতাবাসের ফেসবুক পেজে বার্তাটি পোস্ট দেওয়া হয়।
মার্কিন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে আপনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন।
কর্মকর্তারা সব বিষয়ে অবগত আছেন জানিয়ে আরও বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আপনার অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘন করে থাকলে সেটিও তাদের নজরে আসবে।
এ ক্ষেত্রে কোনো ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য নয় বলেও জরুরি বার্তায় উল্লেখ করা হয়।
source: Asia Post







