কেরানীগঞ্জে বাসা থেকে ২১৬ চাকু জব্দ, গ্রেপ্তার ১

ঢাকার কেরানীগঞ্জে একটি বাসায় অভিযান চালিয়ে ঈগল, চিতা ও মাছরাঙ্গা মডেলের ২১৬টি চাকু জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় এস এম রবিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি জানতে পারে, কেরানীগঞ্জ মডেল থানার লাবনী পয়েন্ট এলাকার একটি বাসায় বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ সুইচগিয়ার মজুত করা হয়েছে।
পরে শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে এসআরবির একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় চাকুগুলো জব্দ করা হয় এবং মজুত ও সরবরাহের অভিযোগে রবিনকে গ্রেপ্তার করা হয়।
জব্দ করা চাকুর মধ্যে ঈগল মডেলের ১৮০টি, চিতা মডেলের ২০টি, মাছরাঙ্গা মডেলের ১২টি এবং কমবোর্ড মডেলের চারটি রয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চকবাজারের একটি দোকান থেকে সুইচগিয়ার চাকুগুলো কিনে আনতেন রবিন।
তিনি বলেন, এর সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে।
source: Asia Post







